আর ডিজেলের ধোঁয়া নয় এবার বিদ্যুতের শক্তিতে ছুটবে বাংলাদেশের ট্রেন! ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে আসছে ইলেকট্রিক ট্রেন, সঙ্গে তিনটি বড় মেট্রোরেল প্রকল্প একসঙ্গে বদলে যেতে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থার চিত্র! ডিজেলের ওপর নির্ভরতা কমিয়ে এবার বিদ্যুৎচালিত ট্রেন চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ। ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, অর্থাৎ একনেক।গতকাল বুধবার অনুষ্ঠিত একনেক সভায় দেওয়া হয় এই অনুমোদন। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা স্থাপন করা হবে। পাশাপাশি পাঁচটি করে কোচ নিয়ে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন সংগ্রহ করা হবে। শুধু ট্রেন সংগ্রহই নয়, এসব ট্রেনের আধুনিক রক্ষণাবেক্ষণের জন্য জয়দেবপুরে নির্মাণ করা হবে একটি অত্যাধুনিক ওয়ার্কশপ। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা । পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুনের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

তবে পরিবর্তন শুধু ইলেকট্রিক ট্রেনেই থেমে থাকছে না। একই একনেক সভায় ঢাকার পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার জন্য আরও তিনটি বড় মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-৫ এর সাউদার্ন রুট নতুন অনুমোদন এবং এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধিত প্রস্তাব পাস করা হয়েছে। এই তিন মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা । ফলে একদিকে যেমন ঢাকার ব্যস্ত রেলপথে বিদ্যুৎচালিত ট্রেনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, অন্যদিকে মেট্রোরেল সম্প্রসারণের মাধ্যমে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাতেও যুক্ত হতে যাচ্ছে এক যুগান্তকারী রূপান্তর