ডিম সাশ্রয়ী, সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তাই শিশু থেকে বয়স্ক সবার খাবারের তালিকাতেই ডিমের আলাদা জায়গা রয়েছে। তবে প্রশ্ন হলো, ডিম খাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি সকাল, নাকি দুপুর?
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় ডিম খাওয়া সবচেয়ে উপকারী হতে পারে। ডিমের উচ্চমানের প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগা ও অস্বাস্থ্যকর নাশতা খাওয়ার প্রবণতা কমতে পারে।
দিনের শুরুতে ডিম শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেতেও সাহায্য করে। এর প্রোটিন পেশি গঠন ও মেরামতে ভূমিকা রাখে। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য ডিম ভালো প্রোটিনের উৎস হতে পারে।
তবে দুপুরে ভাতের সঙ্গে ডিম খাওয়াতেও সমস্যা নেই। সুস্থ মানুষ দুপুরের খাবারে ডিম রাখতে পারেন। তবে কারও কারও ক্ষেত্রে ভারী খাবারের সঙ্গে ডিম খেলে পেট ভার, গ্যাস বা অস্বস্তি হতে পারে। আর যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের ঘুমানোর ঠিক আগে ডিম না খাওয়াই ভালো।
সবশেষে, ডিম খাওয়ার সময়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো খাবারের সামগ্রিক ভারসাম্য। সকালে ডিম খেলে দীর্ঘ সময় তৃপ্ত থাকা ও দিনের শুরুতে প্রোটিন পাওয়ার সুবিধা রয়েছে। তবে দুপুরে খেলেও এর পুষ্টিগুণ নষ্ট হয় না। তাই নিজের খাদ্যাভ্যাস ও শরীরের প্রয়োজন অনুযায়ী ডিমকে প্রতিদিনের খাবারের অংশ করা যেতে পারে।