দুপুরে পেট ভরে ভাত, ডাল, মাছ-মাংস ও সবজি খেলেন। অথচ দুই ঘণ্টা পরই আবার বিস্কুট, চানাচুর বা মিষ্টি খেতে ইচ্ছা করছে! তাহলে কি বেশি খাওয়ার পরও পেট ভরছে না?
সবসময় এমনটা নয়। অনেক সময় খাবারের পরিমাণ ঠিক থাকলেও পুষ্টির ভারসাম্য না থাকলে দ্রুত ক্ষুধা ফিরে আসতে পারে। ডায়েটিশিয়ান ডা. সন্ধ্যা সিং এস-এর মতে, দুপুরের খাবারে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য থাকা জরুরি।
খাবারে প্রোটিন কম থাকলে দীর্ঘ সময় পেট ভরা নাও থাকতে পারে। আবার ফাইবারের ঘাটতি থাকলেও দ্রুত ক্ষুধা লাগতে পারে। শুধু ভাত, রুটি বা পোলাওয়ের মতো কার্বোহাইড্রেটনির্ভর খাবার খেলেও একই সমস্যা হতে পারে। আর পুরো ফলের বদলে নিয়মিত ফলের জুস পান করলেও ফাইবার কম পাওয়ায় তৃপ্তি কম হতে পারে।
তাই দুপুরের খাবারের পর দ্রুত ক্ষুধা লাগলে শুধু খাবারের পরিমাণ নয়, প্লেটে কী আছে সেটাও দেখুন। পর্যাপ্ত প্রোটিন, সবজি ও ফাইবার আছে কি না, সেদিকে নজর দিন। নিয়মিত সময়ে খাবার খাওয়ার অভ্যাসও গুরুত্বপূর্ণ। অর্থাৎ, পেট ভরা মানেই শরীরের প্রয়োজন মিটেছে এমন নয়। সঠিক পরিমাণের পাশাপাশি খাবারের ভারসাম্যও জরুরি।