দুই দিনের দ্বিপক্ষীয় সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রীর আসন্ন কোরিয়া সফরের বিভিন্ন দিক নিয়েও কথা হয়।

সফরে হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও প্রতিরক্ষা উপমন্ত্রী এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

হুমায়ুন কবির বলেন, তার এই সফর ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ তৈরি করবে। প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত কিম জি-জুন বলেন, এটি দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (সেপা) নিয়ে আলোচনা সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা করেন, চুক্তিটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

এ সময় বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও নিয়ে আলোচনা হয়। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জাহাজ নির্মাণ ও ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

হুমায়ুন কবির জানান, কয়েক দিনের মধ্যে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং নভেম্বরের শুরুতে অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে।

দুই দিনের সফরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সিউলের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।