রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এটি ছিল দুজনের প্রথম সাক্ষাৎ।

বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও জোরালো করার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে।

সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। বঙ্গভবনে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।