রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দনবার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের সমাধান ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।