ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে তাঁর পরিচয়ে পরিচিতজনদের কাছে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করার অভিযোগ উঠেছে একটি সক্রিয় সাইবার প্রতারক চক্রের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংসদ সদস্যের পরিচিত একাধিক ব্যক্তির মুঠোফোনে তাঁর ছবি ও পরিচয় ব্যবহার করে খুদেবার্তা পাঠায় প্রতারকেরা। বার্তাগুলোতে জরুরি প্রয়োজনে টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন কয়েকজন। পরে তাঁরা সরাসরি এমপির সঙ্গে যোগাযোগ করলে নম্বর ক্লোন হওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পায়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর ব্যবহৃত অফিশিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে ফেলে অপরাধীরা। এরপর উক্ত নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে একের পর এক খুদেবার্তা পাঠানো শুরু হয়। বার্তায় এমপির নাম ব্যবহার করে অর্থ সাহায্য চাওয়া হয়। তবে টাকা না পাঠিয়ে বার্তা পাওয়া কয়েকজন সজাগ ব্যক্তি সরাসরি এমপির সঙ্গে কথা বলেন।
পরিচিত বেশ কয়েকজনের কাছ থেকে একই ধরনের ফোন ও বার্তা আসার পর নম্বর ক্লোনের বিষয়টি শতভাগ নিশ্চিত হন জাকির হোসেন বাবলু। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি সতর্কতামূলক পোস্ট দেন। পোস্টে তিনি ওই নম্বর থেকে যেকোনো ধরণের খুদেবার্তা কিংবা টাকা দাবি করা হলে তাতে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু জানান, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন ব্যক্তি তাঁকে ফোনে টাকা চাওয়ার বিষয়টি অবহিত করেন। তখনই তিনি বুঝতে পারেন তাঁর ব্যবহৃত নম্বরটি সাইবার প্রতারক চক্রের হাতে ক্লোন হয়েছে।
তিনি আরও জানান, ক্লোন হওয়া নম্বরটি দ্রুত প্রতারকদের হাত থেকে উদ্ধার ও এটি নিয়ন্ত্রণে নেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি প্রতারক চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।