এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সৌদি আরব। আগামী নভেম্বর মাসের জন্য এশীয় ক্রেতাদের কাছে বিক্রি করা তেলের আনুষ্ঠানিক মূল্য গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করেছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত মূল্য নির্ধারণী নথিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রয়টার্সের এক জরিপে নভেম্বরের জন্য সৌদি তেলের দাম সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সেই পূর্বাভাসের বিপরীতে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।
নভেম্বরের জন্য এশিয়ার বাজারে আরব লাইট ক্রুড অয়েলের দাম ওমান ও দুবাইয়ের গড় দামের তুলনায় ব্যারেলপ্রতি ৫ ডলার কম নির্ধারণ করা হয়েছে। গত মাসের তুলনায় এ দাম ৩ ডলার কম। রয়টার্সের হিসাবে, ২০২০ সালের জুনের পর এশিয়ার বাজারে সৌদি তেলের জন্য এটিই সবচেয়ে বড় ডিসকাউন্ট।
আরব লাইটের পাশাপাশি আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমানো হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, এশিয়ার বাজারে ক্রেতা ধরে রাখতেই এই মূল্যছাড় দিয়েছে সৌদি আরামকো। বিশেষ করে সমুদ্রপথে তেল পরিবহনের ফ্রেইট রেট বেড়ে যাওয়া এবং ইরানের সঙ্গে সংঘাতের কারণে রপ্তানি কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
সম্প্রতি লোহিত সাগর ও হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারের ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে পরিবহন ব্যয় বাড়ায় এশীয় ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। তেলের দাম কমানোর সিদ্ধান্তকে সেই বাড়তি ব্যয়ের একটি অংশ পুষিয়ে দেওয়ার উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।
তবে এশিয়ার বাজারে দাম কমালেও ইউরোপে তেলের দাম বাড়িয়েছে সৌদি আরামকো। উত্তর-পশ্চিম ইউরোপের জন্য নভেম্বর মাসে সব গ্রেডের তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়ানো হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নভেম্বরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।