বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে আসন্ন কমনওয়েলথ সম্মেলনকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। এ সম্মেলনকে সামনে রেখে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে বিশ্ববাজারে দেশটিকে একটি শক্তিশালী উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কৃষি ও গ্রামীণ উদ্যোগ শক্তিশালী করা, ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও সার্কুলার ইকোনমি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
পাশাপাশি কমনওয়েলথ উইমেনস ফোরামকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও তাদের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন ফোরাম ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।