প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে সফলভাবে অংশ নেওয়ায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় আসে।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ঢাকা-বেইজিং সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।