দেশের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন ও স্থানীয় মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরতেই দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় এবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র বিশেষ এই পর্ব। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি পরিবেশে ধারণ হওয়ায় এবারের পর্বে জামালপুরের প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিরও বিশেষ উপস্থিতি থাকছে।

পর্বটিতে থাকছে দুটি ভিন্নধর্মী গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্য গানটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত। এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় বাঙালি ও গারো সম্প্রদায়ের শিল্পীরা।

গান ও নৃত্যের পাশাপাশি এবারের আয়োজনে থাকছে বেশ কয়েকটি তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে চীনের ঐতিহাসিক সুঝৌ শহরের নানা দিক। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কীভাবে শহরটি গড়ে উঠেছে, সেই চিত্রও থাকছে প্রতিবেদনে।

এ ছাড়া এবারের পর্বে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। সমসাময়িক নানা বিষয় ও সামাজিক অসংগতি নিয়ে থাকছে ‘ইত্যাদি’র স্বভাবসুলভ তীক্ষ্ণ ও রসাত্মক নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ অনেকে।

দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও মানুষের গল্প তুলে ধরা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য। ফলে জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা এবারের পর্বেও দর্শকের জন্য থাকছে স্থানীয় ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে বিনোদনের মেলবন্ধন।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আজ (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জামালপুরে ধারণ করা এবারের পর্বটি।