রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকালে তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদেশটি দেন।
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. রুহুল আমিন আসামি ইসরাত জাহান পল্লবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের জোর দাবি জানান।
অপরদিকে আসামির পক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এর আগে গত সোমবার তাকে বিমানবন্দরে চীন থেকে ফেরার পথে আটক করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান-১-এর কেএফসি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গ সংগঠনের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ আসামি রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে।
ওই স্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, জনগণের জীবনযাত্রার বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক অপরাধ সংঘটন করে।
অভিযোগে আরও বলা হয়, পুলিশি অভিযানের মুখে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ঘটনাস্থল থেকে অব্যবহৃত ককটেল এবং ককটেল তৈরির আলামত উদ্ধার করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, ধারা অনুযায়ী মামলা করা হয়।