পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। জাতীয় দলে ফেরার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই ফেরার পথেই নাকি রয়েছে বড় এক শর্ত। আর সেই শর্ত ঘিরেই ফের আলোচনার কেন্দ্রে রোনালদো ও পর্তুগালের কোচ জর্জ জেসুসের সম্পর্ক।
নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের পর রোনালদোর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন জেসুস। তার ভাষায়, সবকিছুই এখনো খোলা আছে, নিজের ভবিষ্যৎ রোনালদোকেই ঠিক করতে হবে। কোচ আরও জানান, দুজনের মধ্যে যা হয়েছে সেটি ছিল একটি ভুল বোঝাবুঝি, আর চাইলে সহজেই সেটি মিটিয়ে ফেলা সম্ভব।
কিন্তু জেসুসের এই বক্তব্য নাকি ভালোভাবে নেননি রোনালদো। পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোসের দাবি, কোচের মন্তব্যে বেশ হতাশ হয়েছেন পর্তুগিজ তারকা। আর সেই হতাশা থেকেই নাকি নিজের ঘনিষ্ঠদের কাছে রোনালদো পরিষ্কার করে দিয়েছেন তার অবস্থান যে জর্জ জেসুস কোচের দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন না তিনি।
এই অবস্থানের পেছনে রয়েছে জেসুসের কিছু বক্তব্য নিয়েও রোনালদোর অসন্তোষ। কারণ একদিকে কোচ যেমন চান রোনালদো ফিরে এসে পর্তুগালের হয়ে খেলুন, অন্যদিকে তিনি এটাও বলেছেন - রোনালদোর কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই এবং জাতীয় দলের স্কোয়াডে কে থাকবেন, সেই সিদ্ধান্ত একান্তই তার।
আর এই দুই বক্তব্যের মধ্যে রোনালদো যেন দেখছেন এক ধরনের অসঙ্গতি। তার ধারণা, জেসুসের মন্তব্য নিছক মুখ ফসকে বলা কোনো কথা নয়। ফলে ব্যক্তিগত অস্বস্তি আর পেশাগত অবস্থানের টানাপোড়েনে দুজনের সম্পর্কের জটিলতাও যেন আরও ঘনীভূত হচ্ছে।
সব মিলিয়ে রোনালদোর জাতীয় দলে ফেরাটা এখন আর শুধু তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। বরং বিষয়টি সরাসরি জড়িয়ে গেছে জর্জ জেসুসের ভবিষ্যতের সঙ্গে। কোচ থাকবেন, নাকি রোনালদো ফিরবেন - এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পর্তুগিজ ফুটবলে।
তাই পর্তুগালের জার্সিতে রোনালদোর প্রত্যাবর্তনের গল্প আপাতত অনিশ্চয়তায়। সামনে কী সিদ্ধান্ত আসে, সেটিই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার - রোনালদোর ফেরার দরজা হয়তো খোলা, কিন্তু সেই দরজার চাবি যেন আটকে আছে জর্জ জেসুসের হাতেই।