বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

নেপালের প্রতিনিধিদলে রয়েছেন নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সচিব কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের মূল আলোচ্য বিষয় বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা। বিশেষ করে এই ব্যবস্থার বাস্তবায়ন, ভোটার নিবন্ধন, প্রযুক্তির ব্যবহার ও নির্বাচনী কার্যক্রমে এর অভিজ্ঞতা নিয়ে নেপালের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ নির্বাচনী এলাকার বাইরে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে। ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপও চালু করেছে।

ইসি সূত্র অনুযায়ী, বাংলাদেশের এই পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা নিতে নেপালের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বৈঠকে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিংয়ের কার্যপ্রক্রিয়া ও বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।

বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও বর্তমানে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ও পোস্টাল ভোটিং আপডেটের আলাদা ব্যবস্থা রয়েছে।