সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে তাঁকে বহনকারী হেলিকপ্টার।

পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টায় সেটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সফর শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।