ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ব্যবহার নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। দেশটির ইতিহাসে অন্যতম বড় এই জরিমানার রায় দেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের শুনানিতে প্রমাণিত হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত মেটা এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ শীর্ষ কর্মকর্তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন।
তৃতীয় পক্ষকে অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য না দেওয়ার দাবি করলেও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিসহ বিভিন্ন ঘটনায় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস বলেন, কোনো শক্তিশালী প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়।
নিউ মেক্সিকোর অর্ধেকের বেশি জনসংখ্যা, অর্থাৎ প্রায় ২০ লাখ মানুষ মেটার বিভ্রান্তিকর তথ্যের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আদালত রাজ্যের আইন ৪ কোটির বেশি বার লঙ্ঘনের প্রমাণ পান।
প্রাথমিক হিসাব অনুযায়ী, জরিমানার পরিমাণ দাঁড়িয়েছিল ২১৯ বিলিয়ন ডলারের বেশি। তবে বিচারক তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলারে নির্ধারণ করেন, যা মেটার এক প্রান্তিকের আয়ের প্রায় সমান। এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন মেটার প্রধান আইনজীবী সিজে মাহোনি।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গুগলের সঙ্গে প্রতিযোগিতায় চলতি বছর বিপুল অর্থ বিনিয়োগ করছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সুসান লি জানিয়েছেন, এআই প্রকল্পে এ বছর ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নেতিবাচক নগদ প্রবাহের মুখে পড়েছে।
সূত্র: বিবিসি