সৌদি আরবের জেদ্দায় একটি ভিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার দোহার উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের পলাশ ও ওবায়দুল।

জানা গেছে, মঙ্গলবার জেদ্দার ‘তামানিন আখের গাওয়া’ এলাকায় একটি ভিলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভিলার ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর উত্তর শিমুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক।

নিহত পলাশ সৌদি আরবে যাওয়ার আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সাংবাদিকতায় সম্পৃক্ততার কারণে এলাকায় তাঁর পরিচিতিও ছিল। তিনি স্ত্রী, আট বছরের মেয়ে ও তিন মাস বয়সী এক ছেলে রেখে গেছেন।

এ ঘটনায় নিহত দুই প্রবাসীর আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দোহার প্রেসক্লাব।