টিসিবি কার্ডসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট, কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানোর পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের জনবল, কার্যক্রম ও অর্জনের পাশাপাশি আমদানি-রপ্তানি এবং সরকারি ব্যয়ের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। গত তিন বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও দেশের খুচরা বাজারদরের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ প্রতিবেদনও কমিটির সামনে তুলে ধরা হয়।
নিত্যপণ্যের বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেয় কমিটি। বিশেষ করে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুর মতো পণ্যের ক্ষেত্রে যোগসাজশ করে দাম বাড়ানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে বাণিজ্য মিশনে কর্মকর্তা পদায়নের সময় সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড বিতরণে সমন্বিত পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। কমিটি মনে করে, কোনো অসচ্ছল ব্যক্তি যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং প্রকৃত সুবিধাভোগীরাই যেন এসব কার্ড পান, তা নিশ্চিত করতে হবে।
এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কার্যক্রম দ্রুত বাস্তবায়নেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি দেশের সব স্তরে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।