মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের প্রথম জি-পে কো-ব্র্যান্ডেড ‘টাকা-পে’ প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। নতুন এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে জি-পে গ্রাহকরা আরও সহজে দৈনন্দিন আর্থিক লেনদেন করতে পারবেন।

কার্ডটির মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় নিজেদের জি-পে ওয়ালেটে থাকা অর্থ সরাসরি ব্যবহার করতে পারবেন। দ্রুত ও ঝামেলাহীন লেনদেন নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে কন্টাক্টলেস বা এনএফসি প্রযুক্তি।

গ্রাহকদের সুবিধার্থে কার্ডের আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল। ফলে ব্যাংকের কোনো শাখায় না গিয়েই জি-পে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে নতুন সম্ভাবনা তৈরি করবে।

কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, জি-পের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী, সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।