শরতের নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের দোল—প্রকৃতিতে এখন উৎসবের আমেজ। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সেই তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী পূজা চেরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন পূজা। ছবিতে ফিরোজা রঙের শাড়িতে দেখা যায় তাকে। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবির সঙ্গে শরৎ ও দুর্গাপূজাকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

পূজার এমন শরৎবন্দনা নজর কেড়েছে ভক্তদেরও। পোস্টটি প্রকাশের পরপরই নানা প্রশংসাসূচক মন্তব্যে ভরে ওঠে তার কমেন্ট বক্স। অনেকেই জানিয়েছেন আগাম পূজার শুভেচ্ছা।

এদিকে অভিনয়ে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমার খবর সামনে আসেনি তার। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই।