দুর্গাপূজা ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। পূজা মানেই আনন্দ, আড্ডা আর পুরোনো স্মৃতির ফিরে আসা। শৈশব-কৈশোরের সেই দিনগুলো বড় হওয়ার পরও অনেকের মনে রয়ে যায়। টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও ব্যতিক্রম নন।
অভিনেত্রী হওয়ার আগে পূজার দিনগুলো কেমন কাটত—এমন প্রশ্নের জবাবে কৌশানি জানান, তখন দড়ির ওপারে দাঁড়িয়ে লাইন ধরে ঠাকুর দেখতেন। তবে পূজার বিশেষ স্মৃতি বলতে তার মনে পড়ে প্যান্ডেলের সৌন্দর্য প্রতিযোগিতা ও সেই সময়কার প্রেমের গল্প। একবার পূজার প্যান্ডেলে ‘পুজোর সেরা সুন্দরী’ নির্বাচিত হওয়ার স্মৃতিও তার কাছে বিশেষ।
কৌশানির ভাষায়, সেই সময় পূজার কয়েকটি দিনকে ঘিরেই তৈরি হতো ভালো লাগা ও প্রেমের গল্প। তবে সেসব প্রেমের স্থায়িত্বও ছিল পূজার কয়েক দিনের মতোই—উৎসব শেষ হলে অনেক সম্পর্কও ভেঙে যেত।
এবারের পূজায় অবশ্য সেই পুরোনো দিনের মতো শুধু স্মৃতিতে ডুবে থাকার সুযোগ নেই কৌশানির। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত সিনেমাটির প্রচারণায় ব্যস্ত থাকবেন তিনি। এরপর পরিবারের সঙ্গে পূজার আনন্দে মেতে উঠবেন।
আর সেই পরিকল্পনায় রয়েছেন প্রেমিক বনি সেনগুপ্তও। কৌশানি জানিয়েছেন, একসঙ্গে ঠাকুর দেখা, আড্ডা, রোম্যান্স ও পার্টি—সবকিছুই থাকবে তাদের পূজার পরিকল্পনায়। এমনকি পূজার কয়েকটি দিন দুপুরে বের হয়ে ভোরে বাড়ি ফেরার পরিকল্পনাও রয়েছে। ফলে উৎসবের কদিনে বদলে যাবে তার স্বাভাবিক দিনযাপনের ছন্দও।