অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। পর্দায় তাঁকে খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব এই অভিনেত্রী। নানা সময়ের ছবি ও পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার বধূর সাজে কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন প্রভা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে সনাতন ধর্মের বিয়ের রীতি অনুযায়ী বধূর সাজে দেখা যায় তাঁকে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে বিয়ের সাজে ধরা দিয়েছেন প্রভা।

ছবিগুলোতে দেখা যায়, একটি বাড়ির উঠোনে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টাঙানো রঙিন কাগজের সাজসজ্জা, পাশে কলাগাছ। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা হয়েছে সেখানে। সেই আসরেই বধূর সাজে বসে আছেন অভিনেত্রী।

তবে হঠাৎ এমন সাজে কেন? বিষয়টি সরাসরি ব্যাখ্যা করেননি প্রভা। তবে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, অভিনয়ের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা কিংবা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ের জন্য এই সাজ, তা জানাননি অভিনেত্রী।

এদিকে, সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই নির্মিত হচ্ছে সরকারি অনুদানে।