কাতারের উত্তর উপকূলের কাছে একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
বুধবার মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে সমুদ্রসীমায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করেনি ইউকেএমটিও। একই সঙ্গে আক্রান্ত জাহাজটি কোন দেশের, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
বাণিজ্যিক নৌ পরিবহনবিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, পারস্য উপসাগরের মধ্য ও পশ্চিমাঞ্চলে ট্যাঙ্কারে এ ধরনের হামলা তুলনামূলক বিরল। কাতারের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে হামলার ঘটনা ঘটলেও দেশটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাও বেড়েছে। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতেই প্রণালিটিতে ৯টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে, যা গত সেপ্টেম্বরের মোট হামলার প্রায় অর্ধেক।
তবে হামলার মধ্যেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধপূর্ব গড়ের তুলনায় কিছুটা বেড়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলটির দৈনিক তেল রপ্তানি ১৮ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে ১৮ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে।