ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীরা একই দিনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। শুধু পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।
মঙ্গলবার দেওয়া নির্দেশনায় আইভ্যাক জানায়, সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতা অনুযায়ী পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়।
স্লট খোলা থাকলে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। তবে একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে না।