মঙ্গল গ্রহে সফল মিশনের পর এবার সৌরজগতের আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৮ সালে মহাকাশে পাঠানো হবে দেশটির নতুন মহাকাশযান ‘এমবিআর এক্সপ্লোরার’। মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী প্রধান গ্রহাণু বেষ্টনীতে অভিযান চালিয়ে গ্রহাণুগুলোর গঠন এবং সৌরজগতের শুরুর সময়কার নানা রহস্যের সন্ধান করবে এই মিশন। ২০২৮ সালের মার্চে যাত্রা শুরু করার পর মহাকাশযানটি নিজের গতিপথ ঠিক করতে শুক্র, পৃথিবী ও মঙ্গলের পাশ দিয়ে উড়ে যাবে। এরপর প্রধান গ্রহাণু বেষ্টনীতে পৌঁছে একে একে ছয়টি গ্রহাণু পর্যবেক্ষণ করবে এমবিআর এক্সপ্লোরার। এসবের মধ্যে রয়েছে ওয়েস্টারওয়াল্ড, কাইমেরা, রকলক্স, ঘাফ, ওউশা ও মোজা। প্রতিটি গ্রহাণুর বৈশিষ্ট্য ও গঠন বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি।

তবে এই অভিযানের মূল লক্ষ্য আরও দূরে। ছয়টি গ্রহাণু পরিদর্শনের পর এমবিআর এক্সপ্লোরার যাবে ২৬৯ জাস্টিটিয়ার কাছে। পৃথিবী থেকে বিপুল দূরত্বে থাকা এই গ্রহাণু বিজ্ঞানীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ধারণা করা হয়, জাস্টিটিয়া সৌরজগতের বাইরের প্রান্তের কোনো অঞ্চলে গঠিত হয়ে পরে গ্রহাণু বেষ্টনীতে চলে এসেছে। তাই এর গঠন বিশ্লেষণ করলে সৌরজগতের বিবর্তন সম্পর্কে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

জাস্টিটিয়ায় পৌঁছানোর পর সেখানে একটি বিশেষ ল্যান্ডার নামানোর চেষ্টা করবে মিশনটি। এই ল্যান্ডার গ্রহাণুর পৃষ্ঠ ও উপাদান বিশ্লেষণ করবে। বিশেষ করে সৌরজগতের শুরুর দিকে পানি ও জৈব উপাদান কীভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, সেই রহস্যের উত্তর খুঁজতেই এই অভিযান। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে যাত্রা শুরু করে প্রায় আট বছরের পথ পাড়ি দিয়ে ২০৩৬ সালে জাস্টিটিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে সংযুক্ত আরব আমিরাতের।