ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দীর্ঘদিন ধরে পিসিওএসসহ নানা শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। চুল পড়া, ত্বকের সমস্যা, ঘুমের ব্যাঘাত, উদ্বেগ ও বিষণ্নতার পাশাপাশি সামাজিক চাপও তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন শবনম ফারিয়া। তিনি জানান, পিসিওএসজনিত বিভিন্ন সমস্যা সামলাতে সামলাতে দীর্ঘদিন ধরে ক্লান্ত বোধ করছেন। নিয়মিত ঘুমের অভাব এবং নিজের শারীরিক পরিবর্তন নিয়েও হতাশার কথা জানিয়েছেন তিনি।
অভিনেত্রী বলেন, কঠোর ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণের পরও প্রত্যাশিত পরিবর্তন পাচ্ছেন না। বরং না খেয়ে থাকার কারণে কয়েকবার রক্তে শর্করা কমে অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানান তিনি।
সামাজিক জীবন থেকেও নিজেকে অনেকটা গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শবনম। তার ভাষ্য, বিভিন্ন অনুষ্ঠানে গেলে নিজের শরীর ও চেহারা নিয়ে নানা মন্তব্য শুনতে হয়। এসব মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলে এবং মানুষের সঙ্গে মেলামেশার আগ্রহ কমিয়ে দেয়।
অভিনয় নিয়েও একই ধরনের দুশ্চিন্তার কথা জানিয়েছেন তিনি। কোনো চরিত্রের প্রস্তাব পাওয়ার পর চরিত্রটি কীভাবে করবেন, তার চেয়ে নিজের চেহারা ও পর্দায় কেমন দেখাবেন—এসব ভাবনা আগে চলে আসে বলে জানান অভিনেত্রী।
শবনম ফারিয়া জানান, ১৬ বছর বয়স থেকেই এসব সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। দীর্ঘ সময় ধরে চলা এই সংগ্রামে এখন ক্লান্তি অনুভব করছেন। নিজের চেহারা ও শরীর নিয়েও আত্মবিশ্বাস কমে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নিজের যত্ন নেওয়া ও স্বাভাবিকভাবে জীবনযাপনের আনন্দও অনেকটাই হারিয়ে ফেলেছেন।