শোবিজে দীর্ঘ ক্যারিয়ারে কাজের পরিবেশ, ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক পডকাস্টে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা এবং কন্যাসন্তানকে আত্মবিশ্বাসী হয়ে ওঠার শিক্ষা দেওয়ার বিষয়ে কথা বলেন তিনি।

দীপা জানান, দীর্ঘ কর্মজীবনে কখনো হয়রানির শিকার হননি তিনি। এর পেছনে নিজের ব্যক্তিত্ব ও দৃঢ় মনোভাবের ভূমিকা রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

তিনি বলেন, রাত দেড়টা-দুইটা পর্যন্ত শুটিং করার সময়ও হয়েছে। অনেক সময় একটি ইউনিটে তিনিই একমাত্র নারী ছিলেন। তবে কখনো কারও কাছ থেকে খারাপ দৃষ্টিভঙ্গি অনুভব করেননি।

কাজের পরিবেশে ব্যক্তিত্ব ও আচরণের গুরুত্ব তুলে ধরে দীপা বলেন, একজন মানুষের অ্যাটিটিউড ও পরিস্থিতির সঙ্গে তার আচরণ অনেক কিছু নির্ধারণ করে। তবে কোনো হয়রানির জন্য ভুক্তভোগীকেই দায়ী করা উচিত নয় বলেও স্পষ্ট করেন তিনি।

অভিনেতা মোশাররফ করিমের একটি মন্তব্যও এ সময় তুলে ধরেন দীপা। তিনি জানান, মোশাররফ করিম একবার মজা করে বলেছিলেন, দীপাকে দেখে মনে হয় তাকে কেউ প্রেমের প্রস্তাব দিলে তিনি স্যান্ডেল খুলে মারতে পারেন। অভিনেত্রীর ভাষ্য, সহকর্মীদের কাছে তার ব্যক্তিত্ব এমনই দৃঢ় হিসেবে পরিচিত।

মেয়েকে কীভাবে আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্ত হতে শেখাচ্ছেন, সেটিও জানান দীপা। তিনি বলেন, মেয়েকে কাউকে মারতে বা খারাপ কথা বলতে নিষেধ করেন। তবে কেউ আগে আঘাত করলে যেন ভয় পেয়ে চুপ করে না থাকে—এমন শিক্ষাই দেন তিনি।

দীপা খন্দকারের ভাষায়, মেয়েকে তিনি বোঝান—অন্যকে আঘাত বা অপমান না করে নিজের সীমা বজায় রাখতে হবে। কিন্তু কেউ আগে আঘাত করলে কাঁদতে কাঁদতে তার কাছে ফিরে না এসে পরিস্থিতি মোকাবিলা করার সাহস থাকতে হবে।