‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন অভিনেত্রী আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন আগে সিনেমায় রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এবার শুক্রবার প্রকাশিত হয়েছে আলিয়ার চরিত্রের প্রথম ঝলক। তবে রণবীরের পোস্টারের মতো আলিয়ার লুক নিয়ে একমুখী প্রশংসা দেখা যায়নি; বরং শুরু হয়েছে নানা তুলনা ও আলোচনা।
প্রকাশিত পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা-লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই-হাই স্লিট স্কার্ট, মাথায় পালক-সজ্জিত বড় হেডপিস—সব মিলিয়ে তাঁর সাজে ক্যাবারে নৃত্যশিল্পীর ছাপ রয়েছে। গাঢ় চোখের মেকআপ ও গাঢ় লিপস্টিক তাঁর লুককে আরও নাটকীয় করে তুলেছে। বানসালীর সিনেমায় জমকালো পোশাক ও আলাদা ধরনের চরিত্রায়ণ নতুন নয়। তবে এবার আলিয়ার এই সাজ প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও দেখা গেছে।
রেডিটের কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিংবা অতিরিক্ত সম্পাদনা করা হতে পারে। কেউ কেউ আবার আলিয়ার সাজে নতুনত্বের অভাব দেখেছেন এবং অন্য সিনেমার চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
বিশেষ করে কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ সিনেমার চরিত্র নাদিয়ার সঙ্গে আলিয়ার লুকের তুলনা করেছেন অনেকে। একজন ব্যবহারকারী লিখেছেন, আলিয়াকে দেখে তাঁর ‘টক্সিক’-এর নাদিয়া চরিত্রটির কথা মনে হয়েছে। অন্য একজন মন্তব্য করেছেন, লুকটিতে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বোম্বে ভেলভেট’-এর ছাপ রয়েছে। কেউ আবার ‘টক্সিক’ ও ‘বোম্বে ভেলভেট’—দুই সিনেমার সঙ্গেই আলিয়ার সাজের মিল খুঁজে পেয়েছেন।
অবশ্য সব প্রতিক্রিয়াই নেতিবাচক নয়। অনেক ভক্ত আলিয়ার নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে, সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে শুধু একটি পোস্টার দেখে চরিত্রটির পূর্ণাঙ্গ ধারণা পাওয়া কঠিন।
এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। পোস্টারে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে দেখা যায় তাঁকে। সাদা টি-শার্ট, চোখে চশমা ও ছোট করে ছাঁটা চুলে রণবীরের লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পোস্টারে তাঁর স্টিয়ারিং ধরা হাতে আঘাতের চিহ্ন ও রক্তের দাগও দেখা গেছে।
‘লাভ অ্যান্ড ওয়ার’ সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে রণবীর কাপুরের তৃতীয় সিনেমা। এর আগে ‘সাওয়ারিয়া’য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আলিয়ার সঙ্গে বানসালীর এটি দ্বিতীয় সিনেমা। অন্যদিকে, ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন এই নির্মাতা।
সিনেমার গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক আবহে প্রেম ও যুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। রণবীর ও ভিকি কৌশলকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে আলিয়ার চরিত্র এবং যুদ্ধের পটভূমিতে তৈরি হবে একটি প্রেমের ত্রিভুজ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুপ্রিয়া পাঠক।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।