দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), যা প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাস্তবায়ন করা হবে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।
প্রকল্পটি অর্থ বিভাগ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে বাস্তবায়ন করবে।
ইআরডি জানিয়েছে, রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
চুক্তি অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত ঋণের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি থাকলেও বাংলাদেশকে দীর্ঘদিন ধরে এ ফি মওকুফ করে আসছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরেও তা মওকুফ করা হয়েছে।
ঋণটির পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। নতুন এই অর্থায়নের মাধ্যমে দুই পক্ষের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অবকাঠামো, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জ্বালানিসহ বিভিন্ন খাতে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।