অভিনয় ও উন্নয়নকাজের পাশাপাশি নতুন পেশাগত অধ্যায়ে পা রাখলেন রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
মিথিলা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। একই সঙ্গে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন।
প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করবে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্য সমন্বয় করা হবে।
মিথিলা জানান, আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকল্পটির কার্যক্রম আরও কার্যকর করতে গবেষণা, তথ্য ও প্রমাণভিত্তিক উদ্যোগে ভূমিকা রাখতে চান তিনি।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন। সেখানে শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের ননপ্রফিট প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার কাজ করছেন তিনি।
পেশাগত জীবনের নতুন এই অধ্যায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মিথিলা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ব্র্যাকের সঙ্গে তার প্রায় দুই দশকের কর্মজীবনের মধ্যে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।
নতুন কর্মপরিবেশে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা। অভিনয়ের পাশাপাশি এবার গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে নিজের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।