দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের সাক্ষী হয়েছে ‘কফি উইথ করণ’-এর সেই বিখ্যাত সোফা। এবার সেই যাত্রায় ইতি টানছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। ২২ বছর পর জনপ্রিয় এই সেলিব্রিটি চ্যাট শো বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। অনুষ্ঠানটির নবম মৌসুমই হবে শেষ মৌসুম। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে এর শেষ অধ্যায়।
২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ এখন পর্যন্ত আটটি মৌসুমে ১৬১টি পর্ব প্রচার করেছে। এই দীর্ঘ সময়ে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং ও আলিয়া ভাটসহ বলিউডের প্রায় সব প্রজন্মের তারকাই বসেছেন করণের ‘কফি কাউচে’।
শাহরুখ-কাজলকে দিয়ে শুরু
২০০৪ সালের ১৯ নভেম্বর স্টার ওয়ার্ল্ডে প্রথম প্রচারিত হয় ‘কফি উইথ করণ’। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। প্রথম মৌসুমেই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও সঞ্জয় লীলা বানসালির মতো তারকারাও অনুষ্ঠানে উপস্থিত হন।
শুরু থেকেই প্রচলিত সিনেমার প্রচারণামূলক সাক্ষাৎকারের বাইরে গিয়ে তারকাদের ব্যক্তিগত পছন্দ, সম্পর্ক, বন্ধুত্ব, সহকর্মীদের নিয়ে মতামত ও নানা মজার প্রশ্নের মুখোমুখি করতেন করণ। বিশেষ করে ‘র্যাপিড ফায়ার’ পর্ব দ্রুতই অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় অংশ হয়ে ওঠে।
তারকাদের অন্দরমহলের জানালা
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ‘কফি উইথ করণ’ হয়ে ওঠে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন জানার অন্যতম আলোচিত মঞ্চ। কখনো প্রেমের খবর, কখনো সম্পর্ক ভাঙার গল্প, আবার কখনো সহকর্মীকে নিয়ে কোনো মন্তব্য—অতিথিদের বলা অনেক কথাই পরদিন সংবাদ শিরোনামে উঠে এসেছে।
কারিনা কাপুর ও কাজলও অনুষ্ঠানের নিয়মিত অতিথিদের মধ্যে ছিলেন। কখনো একসঙ্গে, আবার কখনো অন্য তারকার সঙ্গে জুটি বেঁধে তাঁরা হাজির হয়েছেন করণের সামনে।
তবে অনুষ্ঠানের জনপ্রিয়তার পেছনে শুধু তারকাদের উপস্থিতি নয়, করণের প্রশ্ন করার ধরন ও দ্রুতগতির কথোপকথনও বড় ভূমিকা রেখেছে। অতিথিদের কাছ থেকে ব্যক্তিগত নানা তথ্য বের করে আনার কৌশল প্রতিটি পর্বকে আলাদা আলোচনার বিষয় করে তুলত।
বিতর্কও ছিল সঙ্গী
দীর্ঘ এই যাত্রায় বিনোদনের পাশাপাশি একাধিক বিতর্কেও জড়িয়েছে অনুষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ২০১৯ সালে। ষষ্ঠ মৌসুমের এক পর্বে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। নারীদের নিয়ে পান্ডিয়ার মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হলে পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান।
ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড দুজনকেই কারণ দর্শানোর নোটিশ দেয় এবং তদন্ত চলাকালে তাঁদের অস্ট্রেলিয়া সফর থেকে ফিরিয়ে আনা হয়। ২০১৯ সালের ২৪ জানুয়ারি তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
অনুষ্ঠানে বলিউডের স্বজনপ্রীতি নিয়েও একাধিকবার বিতর্ক হয়েছে। বিশেষ করে কঙ্গনা রনৌতের সঙ্গে করণের কথোপকথন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারকাদের পরস্পরকে নিয়ে মন্তব্য, সাবেক প্রেমিক-প্রেমিকা কিংবা সহকর্মীদের নিয়ে খোলামেলা কথাবার্তাও বহুবার খবরের শিরোনাম হয়েছে।
টেলিভিশন থেকে ওটিটিতে
২০১৯ সালে ষষ্ঠ মৌসুম শেষ হওয়ার পর কয়েক বছর বিরতি নেয় অনুষ্ঠানটি। এরপর ২০২২ সালে নতুন রূপে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফিরে আসে ‘কফি উইথ করণ’। টেলিভিশন ছেড়ে অনুষ্ঠানটি চলে যায় ডিজনি+ হটস্টারে।
২০২২ সালের ৭ জুলাই শুরু হওয়া সপ্তম মৌসুমের প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। ওটিটিতে যাওয়ার পর পর্বগুলো তুলনামূলক দীর্ঘ হয় এবং অতিথিদের ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তার পরিসরও বাড়ে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হয় অষ্টম মৌসুম। প্রথম পর্বেই একসঙ্গে হাজির হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নিজেদের প্রেম ও বিয়ের গল্প নিয়ে তাঁদের কথাবার্তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কেন শেষ করছেন করণ?
‘কফি উইথ করণ’ বন্ধের কারণও জানিয়েছেন করণ জোহর। তাঁর ভাষ্য, অনুষ্ঠানটি তাঁর বিনোদনজগতের পরিচয়ের বড় একটি অংশ হয়ে উঠেছে। ২২ বছর পর নবম মৌসুমে এসে অনুষ্ঠানটি শেষ করার সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না।
তবে জীবনের পরবর্তী দশকে তিনি নতুনভাবে কাজ করতে চান। বিশেষ করে আরও বেশি সিনেমা পরিচালনা এবং নতুন গল্প বলার দিকে মনোযোগ দিতে চান তিনি। সেই কারণেই ভারী মন নিয়ে নবম মৌসুমকে অনুষ্ঠানের শেষ মৌসুম করার সিদ্ধান্ত নিয়েছেন করণ।
অর্থাৎ দর্শকের আগ্রহ কমে যাওয়া বা অনুষ্ঠানের জনপ্রিয়তা হারানোকে কারণ হিসেবে উল্লেখ করেননি তিনি; বরং নিজের ভবিষ্যৎ সৃজনশীল পরিকল্পনাকেই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে জানিয়েছেন।
শেষ সোফায় কারা বসবেন?
আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া নবম মৌসুমে কারা অতিথি হিসেবে থাকবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে শেষবারের মতো করণের বিখ্যাত ‘কফি কাউচে’ কোন তারকারা বসবেন, তা নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত তালিকা এখনো প্রকাশ্যে আসেনি।
২২ বছরের দীর্ঘ যাত্রার পর শেষ মৌসুমে ‘কফি উইথ করণ’ কী চমক নিয়ে হাজির হয়, এখন সেই অপেক্ষাতেই দর্শকরা।