প্রায় চার দশকের ইতিহাসে প্রথমবার টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার উৎসবের ৩৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার টোকিওতে উৎসবের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৩১টি দেশ ও অঞ্চলের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করা হয়। ১১২টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ১ হাজার ৮৯২টি চলচ্চিত্র থেকে এসব ছবি নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে ঢাকার এক হবু কনের বিয়ে ঘিরে প্রস্তুতি, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক রীতিনীতির মধ্য দিয়ে তার মানসিক ও শারীরিক অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে।
বাস্তবতা, স্বপ্ন, ভয় ও স্মৃতির মিশেলে নির্মিত চলচ্চিত্রটিতে নারীর শরীর, ইচ্ছা, সৌন্দর্যবোধ এবং বিয়েকে ঘিরে প্রচলিত সামাজিক রীতিনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এর আগে ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ছবিটি।
৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এবারের উৎসবে ২০০টির বেশি চলচ্চিত্র ও বিভিন্ন আয়োজন থাকছে। উৎসবের এবারের প্রতিপাদ্য—‘সংযোগ-চলচ্চিত্র আমাদের বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করে’।
মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবির পাশাপাশি আর্জেন্টিনা, রোমানিয়া, ইতালি, সিঙ্গাপুর, পর্তুগাল, ইরান, সার্বিয়া, ইন্দোনেশিয়া, চীন, উত্তর মেসিডোনিয়া ও হংকংয়ের চলচ্চিত্রও রয়েছে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আসরে মোট ২০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি এশিয়ান ফিউচার, অ্যানিমেশন, নিপ্পন সিনেমা নাউ, গালা সিলেকশন, ক্রসকাট এশিয়া প্লাস, উইমেনস এমপাওয়ারমেন্ট, ইয়ুথ ও ওয়ার্ল্ড ফোকাসসহ বিভিন্ন বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
টোকিও উৎসবের মূল প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো উৎসবটির প্রধান প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একটি চলচ্চিত্র জায়গা করে নিল।