কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি বাড়াতে মেটার নতুন সাবস্ক্রিপশন সুবিধা 'মেটা ওয়াইন'
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ব্যবহার সুবিধা আরও বিস্তৃত করতে এবং কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের বাড়তি সুযোগ দিতে ‘মেটা ওয়ান’ (Meta One) নামে একটি নতুন সাবস্ক্রিপশন সেবা নিয়ে এসেছে টেক জায়ান্ট মেটা।
এই নতুন প্রিমিয়াম সেবার আওতায় ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেটা এআই-এর ৫০টিরও বেশি উন্নত ফিচার সহজেই ব্যবহার করতে পারবেন। মেটা জানিয়েছে, ভবিষ্যতে তাদের এডিটস অ্যাপ এবং এআইভিত্তিক স্মার্ট চশমাতেও এই সুবিধাগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মেটা ওয়ানের বিভিন্ন প্যাকেজ ও সুবিধা
ভিন্ন ভিন্ন গ্রাহকের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে মেটা ওয়ানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এতে রয়েছে নির্দিষ্ট অ্যাপের পৃথক সাবস্ক্রিপশন, সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘কোর’ ও ‘প্রিমিয়াম’ বান্ডেল এবং ব্যবসায়ী ও ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাকেজ। পূর্বে চালু থাকা ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবাগুলোকে এখন এই কোর ও প্রিমিয়াম বান্ডেলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা মেটা এআই-এর সাধারণ মূল ফিচারগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিলে কেবল এআই ব্যবহারের সীমা ও বাড়তি সুবিধা পাওয়া যাবে। নতুন এই সেবাটি বিশ্বজুড়ে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।
নিয়মিত ব্যবহারকারী ও ক্রিয়েটরদের বাড়তি সুবিধা যারা নিয়মিত এআই ব্যবহার করেন, মূলত তাদের জন্যই কোর ও প্রিমিয়াম প্যাকেজটি ডিজাইন করা হয়েছে।
কোর প্যাকেজ: মেটা এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির বাড়তি সুযোগের পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরির কনটেন্ট নতুনভাবে সাজানো, উন্নত ভয়েস ইফেক্ট এবং ইনস্টাগ্রামের এআই রিস্টাইল ফিচারের মতো সৃজনশীল টুল ব্যবহারের বড় পরিসর পাওয়া যাবে।
ব্যবসা ও ক্রিয়েটর প্যাকেজ: সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা, কনটেন্ট প্রকাশ এবং গ্রাহক যোগাযোগের জন্য পেশাদার টুল যুক্ত রয়েছে। এছাড়া ক্রিয়েটরদের জন্য ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসে ভেরিফায়েড চ্যানেল এবং অ্যাকাউন্ট ছদ্মবেশ ধারণ (ইমপারসোনেশন) প্রতিরোধে নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে ‘মেটা বিজনেস এজেন্ট’ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।