প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের অধিকার ও কল্যাণ, দক্ষ জনশক্তি গঠন, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ও গুরুত্ব পায়।
বৈঠকে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতা বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বিস্তারের ফলে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষ করে তোলা এবং নতুন কাজের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে আইএলওর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন কর্মসংস্থানের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, উপকূলীয় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, বনায়ন এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন। এসব ক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া আইএলওর বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সমন্বয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইউনিটটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি পরামর্শ দেওয়ার আগ্রহও প্রকাশ করে আইএলও।
বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং আইএলওর বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।