কুমিল্লার কোটবাড়ি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম (১৩) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। সে কথাসাহিত্যিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা নাহিদের ছেলে। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাহিদা নাহিদ।
নিখোঁজের পর এক ফেসবুক পোস্টে শিক্ষক নাহিদা নাহিদ লেখেন, "আমার ছেলেকে বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩ বছর, ক্লাস সেভেনে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি পাঞ্জাবি ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করুন। আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করুন।"
থানায় আইনি পদক্ষেপ ও মোবাইল ট্র্যাকিং
তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে স্থানীয় থানায় অবহিত করা হয়েছে। তবে অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরটি ট্র্যাক করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফোনটি বর্তমানে তার কাছে নেই। তা ছাড়া, যে মোবাইল ফোনে অপ্রতিমের ফেসবুক আইডি লগইন করা ছিল, সেটিও সে বাসায় রেখে গেছে।
ছেলে অপ্রতিমের কোনো তথ্য বা সন্ধান পাওয়া গেলে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
সারারাত প্রশাসনের অভিযান ও তল্লাশি
শনিবার সকালে দেওয়া অপর এক পোস্টে নাহিদা নাহিদ জানান, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং তার কর্মস্থলের শিক্ষার্থী ও সহকর্মীরা অপ্রতিমকে খুঁজে বের করতে একযোগে কাজ করছেন। তিনি লেখেন, "সারারাত অভিযান চালানো হয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। ওর সব বন্ধুর বাসায় খোঁজ নেওয়া হচ্ছে। 'মুন এলার্ট'-কেও বিষয়টি জানানো হয়েছে। সবাই শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন। কোনো তথ্য পেলে দ্রুত জানাবেন।"