চট্টগ্রামের সন্দ্বীপে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণ পাশে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত চট্টগ্রাম শহরে স্থানান্তর করা হয়। রাত প্রায় ২টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর বাবুলকে মুমূর্ষু অবস্থায় চমেকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রমতে, গুলিবিদ্ধ নাসির উদ্দীন বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণ করার মামলায় আটক হন আব্দুল করিম। এর পর থেকেই ওই এলাকাটিতে বেশ উত্তেজনা চলছিল। তবে কারা বা কী উদ্দেশ্যে বাবুলের ওপর এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি কিংবা কাউকে আটকও করা যায়নি।