গত বছরের নভেম্বরে মা হওয়ার পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয় থেকে বিরতির পাশাপাশি পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে দূরে রেখেছিলেন তিনি। সম্প্রতি আম্বানিদের এক অনুষ্ঠানে স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসেন ক্যাটরিনা। হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দেন তিনি।

তবে ক্যাটরিনার এই উপস্থিতির ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। মাতৃত্বের পর তার শরীরে স্বাভাবিক কিছু পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তন নিয়েই অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। বিষয়টি মেনে নিতে পারেননি বাংলাদেশি অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নিজেও মা হওয়ায় মাতৃত্বের পর একজন নারীর শারীরিক ও মানসিক পরিবর্তনের অভিজ্ঞতা থেকে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

ক্যাটরিনার সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দেন নাদিয়া। সেখানে তিনি বলেন, মা হওয়ার সঙ্গে একজন নারীর জীবন যেমন বদলে যায়, তেমনি বদলায় তার শরীরও। গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়া, ঘুমহীন রাত, মানসিক চাপ ও হরমোনের পরিবর্তনের প্রভাব শরীরে থাকা স্বাভাবিক।

নাদিয়ার মতে, নতুন একটি জীবন পৃথিবীতে আনার পর কোনো মায়ের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চাপ দেওয়া উচিত নয়। বরং তার খোঁজ নেওয়া উচিত—তিনি কেমন আছেন, কীভাবে সময় কাটাচ্ছেন। মায়ের শরীর কোনো ‘আগে-পরে’র ছবি নয় এবং কারও শরীর নিয়ে মন্তব্য করার অধিকারও অন্যের নেই।

তিনি আরও বলেন, ‘আগের মতো নেই কেন’, ‘ওজন বেড়ে গেল কেন’ কিংবা ‘নিজেকে মেইনটেইন করা উচিত’—এ ধরনের মন্তব্য শুনতে সাধারণ মনে হলেও একজন মায়ের আত্মবিশ্বাসে তা প্রভাব ফেলতে পারে। যে শরীর একটি সন্তানকে পৃথিবীতে এনেছে, দীর্ঘ সময় পরিশ্রম ও ক্লান্তির মধ্য দিয়ে গেছে, সেই শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক।

নিজের মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে নাদিয়া বলেন, মা হওয়ার পর নিজের যত্ন নেওয়ার জন্য সময় বের করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। কখনো নিজের শরীরকে নতুন করে চিনতে সময় লাগে। তাই মায়েদের বিচার না করে তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া এবং একে অপরকে সমর্থন করা প্রয়োজন।

নাদিয়ার আহ্বান, নারীর সৌন্দর্য বা মূল্য কখনোই তার ওজন, শরীরের গঠন কিংবা চেহারার পরিবর্তন দিয়ে নির্ধারণ করা উচিত নয়। বরং মায়েদের শরীর নিয়ে মন্তব্য করার সংস্কৃতি বদলে তাদের শক্তি ও মাতৃত্বের অভিজ্ঞতাকে সম্মানের সঙ্গে দেখা উচিত।

২০২৪ সালের জুনে অভিনেতা সালমান আরাফাতকে বিয়ে করেন সালহা খানম নাদিয়া। চলতি বছরের জানুয়ারিতে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। বর্তমানে সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি ছোট পরিসরে কিছু কাজও করছেন।