দাম্পত্য জীবনের দুই দশক পূর্তিতে ফের বিয়ের সাজে দক্ষিণী তারকা সুরিয়া ও জ্যোতিকা। ২০ বছরের সম্পর্ককে উদ্যাপন করতেই বিয়ের শপথ পুনর্নবীকরণ করেছেন জনপ্রিয় এই তারকা দম্পতি।
২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুরিয়া ও জ্যোতিকা। দেখতে দেখতে তাদের সংসারজীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই মাইলফলক স্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় এক অন্তরঙ্গ অনুষ্ঠানের। মুহূর্তটির সাক্ষী ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। এছাড়া সুরিয়ার ভাই ও অভিনেতা কার্তিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বিশেষ আয়োজনকে জ্যোতিকা নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, এটি কোনো নিখুঁত দাম্পত্যের উদ্যাপন নয়; বরং সম্পর্কের ভুল-ত্রুটি, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার উদ্যাপন।
জ্যোতিকার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ এই পথচলায় সুরিয়া শুধু তার স্বামী নন, একজন বিশ্বস্ত বন্ধু, সমান অংশীদার ও পরামর্শদাতাও। আগামী দিনগুলোতেও পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা নিয়ে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেছেন তারা।
১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপ্পার’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে সুরিয়া ও জ্যোতিকার পরিচয়। পরবর্তী সময়ে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। দীর্ঘ পথচলার পর ২০০৬ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—দিয়া ও দেব।
সুরিয়া ও জ্যোতিকার এই অপূর্ব সম্পর্ক ও দাম্পত্যের উদযাপন দেখে মুগ্ধ নেট দুনিয়া, মুগ্ধ তারকারাও। আর মাধবন থেকে শুরু করে কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ, সোনাক্ষী সিনহাসহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।