গত বছরের জুনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে রেকর্ড আয় করলেও পাইরেসির কারণে এর ব্যবসায় কিছুটা ধাক্কা আসে। তবুও শেষ পর্যন্ত বড় সাফল্য পায় সিনেমাটি।
এবার একই নামে সিনেমা নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গেও। অয়ন চক্রবর্তীর পরিচালনায় তৈরি হতে যাওয়া এই ‘তাণ্ডব’-এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ক্ল্যাপবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেই শুটিং শুরুর খবরটি জানিয়েছেন মিমি।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর রাজের পরিচালনায় অভিনয়ে ফিরছেন মিমি। এর আগে রাজ-মিমি জুটি একসঙ্গে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো সিনেমায় কাজ করেছেন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৫ সালের ‘কাটমুণ্ডু’তে।
একসময় রাজ ও মিমির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে সেই সম্পর্ক ভেঙে যায় এবং রাজের জীবনে আসেন শুভশ্রী। পরে বিয়ে করে সংসারও শুরু করেন তারা। দীর্ঘ সময় পর পুরোনো সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে এবার কাজের সূত্রে আবারও একসঙ্গে হয়েছেন রাজ ও মিমি।
মিমির প্রকাশ করা ক্ল্যাপবোর্ডের ছবিতেই সামনে এসেছে সিনেমাটির নাম। ক্যাপশনেও তিনি শুধু লিখেছেন ‘তাণ্ডব’। সেই পোস্টে শুভশ্রী মন্তব্য করে লিখেছেন, ‘সুপার হ্যাপি!’—যা নতুন এই কাজ নিয়ে তার উচ্ছ্বাসের কথাই জানান দেয়।
তবে ‘তাণ্ডব’ সিনেমায় মিমির সঙ্গে আর কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।