জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিউ ইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তাঁর নতুন বৈশ্বিক শিশু কল্যাণ বিষয়ক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বিশ্বনেতাদের সহধর্মিণীদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
কুশল বিনিময় ও হোয়াইট হাউসের ছবি অনুষ্ঠান চলাকালে ডা. জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন মেলানিয়া ট্রাম্প। পরবর্তীতে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁদের এই আন্তরিক সাক্ষাতের একটি অফিশিয়াল ছবি প্রকাশ করা হয়।
শিশুদের সুরক্ষায় সম্মিলিত বার্তা বৈঠকে বিশ্বব্যাপী শিশুদের সার্বিক নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মার্কিন ফার্স্ট লেডি। তিনি বলেন, “একটি সমৃদ্ধ, শান্তিময় ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে শিশুদের ভবিষ্যৎ সুসংহত করা অপরিহার্য।”
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সম্ভাবনা বিকাশে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মেলানিয়া। একই সঙ্গে এই বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগকে আরও বিস্তৃত ও সফল করতে সবাইকে সক্রিয় অংশগ্রহণের তাগিদ দেন তিনি।