বাগেরহাটের মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ন অর্থনৈতিক ও অবকাঠামোগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে চীনা বিনিয়োগ বাড়ানো এবং মোংলাকে কেন্দ্র করে শিল্পায়নের প্রসার ঘটাতে চীনা বিনোয়োগকারীদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত একটি শক্তিশালী জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে, যা এ অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এই লক্ষ্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতায় বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত হবে।
তিনি এই দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে দেশের অর্থনীতির ভিত শক্ত করার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।