একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় এসে পৌঁছান। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে তিনি মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।
মোংলায় অবতরণের পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান; খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন—সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন; এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী; পিজিআর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম; প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।
সফরের শুরুতেই মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তার উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মাঝে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
মোংলার নির্ধারিত সরকারি কর্মসূচি শেষ করে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলের দিকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সফর শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।