স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। তাঁর দাবি, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি মহল।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শ্রমিকদের কোনো ধরনের উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে। পাশাপাশি তাদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিও সুরক্ষিত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনার সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি মহল শ্রমিকদের ব্যবহার করে পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই বোর্ড মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণে কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সরকারের লক্ষ্য দেশের রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

এদিকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।