মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত এই নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে কমলাগুলো কিনেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। রাত প্রায় ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা নিলামে তোলেন।

নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিল ও নিলাম পর্ব সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

কমলা কিনে দেওয়া আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই তার বাবা কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদরাসাটিকে বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুরও নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তাদের ভাষ্য, নিলামে ফলগুলো বেশি দামে বিক্রির মূল উদ্দেশ্য হলো মাদরাসার উন্নয়নে সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ক্রেতারা মাদরাসাটির শুভাকাঙ্ক্ষী।