মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে রিয়েল টাইমে একসঙ্গে ৩৭ জন শিল্পীর মোশন ক্যাপচার করা হয়েছে। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে গিনেসের রেকর্ড গড়েছে ছবিটি।
গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘রাকা’র পরিচালক অ্যাটলি ও অভিনেতা অল্লু অর্জুনের হাতে রেকর্ডের স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়। এ সময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিংয়ের সময় এই রেকর্ড তৈরি হয়। একটি দৃশ্যের জন্য একই সময়ে ৩৭ জন শিল্পীর মোশন ক্যাপচার করা হয়। সংশ্লিষ্টদের দাবি, ভারতীয় সিনেমায় এর আগে এমন নজির দেখা যায়নি।
প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রাকা’। বড় বাজেটের পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটিকে রাখা হয়েছে বড় পরিসরে। অ্যাটলির পরিচালনায় এতে অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথও।
গিনেস রেকর্ডে নাম ওঠার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অল্লু অর্জুন। পুরো দলের জন্য এটিকে গর্বের মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা ও নির্দেশনার পাশাপাশি পুরো টিমের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বড় এই প্রকল্পে আস্থা রাখার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অ্যাটলির কাছেও এই অর্জন বিশেষ। তিনি জানান, ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম শুনে এলেও নিজের কোনো কাজ একদিন সেখানে জায়গা করে নেবে, তা কখনো ভাবেননি। একটি শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে একই সময়ে মোশন ক্যাপচারের মাধ্যমে ধারণ করার স্বীকৃতি তাঁর কাছে বিশেষ অনুভূতির।
পরিচালকের ভাষ্য, বড় স্বপ্ন নিয়ে পূর্ণ বিশ্বাসে সবাই একসঙ্গে কাজ করলে কখনো কখনো অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এই অর্জনের জন্য পুরো দলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাকা’। মুক্তির আগেই গিনেস রেকর্ডে জায়গা করে নেওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়ছে।