রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।

পুলিশ জানায়, নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণের পর ককটেল দুটি নিক্ষেপ করে চলে যান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।