জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা। দুই প্রধানমন্ত্রী পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়নে পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়ও ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

জবাবে তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও সহযোগিতা জোরদারে দুই দেশ সম্মত হয়েছে। পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমন্বয় ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।