কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, কর্নেল মেছবাহুল আলম সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
ওই প্রজ্ঞাপনে কারা অধিদপ্তরের আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পূর্ববর্তী অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।