এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, গ্যাসের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে এলপিজি সিলিন্ডারের বাজার। তাদের প্রভাবেই স্বেচ্ছাচারীভাবে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বাজারে একটি ১২ কেজির সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।