কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি পেছনের চাকা খুলে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। অবতরণের আগে জ্বালানি কমাতে বিমানটিকে আকাশে চক্কর দিতে হয় এবং জ্বালানি ফেলে দেওয়া হয়। একই সঙ্গে বিমানবন্দরে জরুরি নিরাপত্তাব্যবস্থা প্রস্তুত রাখা হয়।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।